যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ‘পাঞ্চ’ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) রাতে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা কয়েকগুণ জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে দৌলতপুর সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ১৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক মুক্ত দেশ গড়তে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকা দিয়ে মাদক, অস্ত্র বা অন্য কোনো অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি’র ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উদ্ধারকৃত মদের চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

