যশোরে জমি নিয়ে বিরোধ: যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

আরো পড়ুন

যশোরের বাহাদুরপুর মোড়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম হোসেন রিপু (২৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাহাদুরপুর মোড় সংলগ্ন রাস্তার ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন রিপু যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাহাদুরপুর এলাকার রফিকুল ইসলামের পরিবারের সাথে রিপুদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার রাতে রিপু বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা মিরাজ ও তার পিতা রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩-৪ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে রিপুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় অভিযুক্তরা হলেন— বাহাদুরপুর এলাকার রফিকুল ইসলাম ও তার ছেলে মিরাজ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ