বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র বিশাল সাফল্য: বিপুল পরিমাণ মাদক ও পণ্যসহ আটক ১

আরো পড়ুন

যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামালসহ রায়হান (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) বেনাপোল বিওপি, আইসিপি চেকপোস্ট ও আন্দুলিয়া সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়।
আটক রায়হান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হাটযাদবপুর এলাকার বেতবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে।
:
বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক এই অভিযানগুলোতে ৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ, ৫২৪টি বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ওষুধ, ১৩১টি ভারতীয় শাড়ি, ৪টি কম্বল, ৫টি তৈরি পোশাক, ১টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১০০টি চকলেট এবং ১ হাজার ২৫৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি’র হিসাব মতে, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম কয়েকগুণ জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের মাধ্যমে এই বিশাল চোরাচালান আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সুরক্ষা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ এবং জব্দকৃত মালামাল কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ