শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান: ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় সিরাপ উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘এসকফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি’র পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের কঠোর ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকের চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ