মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা

আরো পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনি প্রচারণার সময় তিনি বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ, মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সেই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি মির্জা আব্বাসের দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে আরজিতে দাবি করা হয়।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করা নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি মাঠে ব্যাপক প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে পরাজিত হন এবং মির্জা আব্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের সেই রেশ এবং প্রচারকালীন বিতর্কিত বক্তব্যের জের ধরেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন

সর্বশেষ