বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ এবং একটি ব্যাটারিচালিত ভ্যানসহ রুহুল আমিন (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক রুহুল আমিন শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের আঃ রশিদের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার পুটখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ (WINCEREX) সিরাপ উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানসহ মাদকদ্রব্যগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক, অস্ত্র বা অন্য কোনো অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

