যশোর শহরের বড়বাজার মারুয়া মন্দির এলাকায় এক নারীকে চড়-থাপ্পড় মারার অভিযোগে শাহরিয়া আলম রকি (৪৬) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বর্তমানে ওই ব্যক্তি পুলিশ প্রহরায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রকি শহরের বকচর বিহারী কলোনি এলাকার মৃত দিল রেজা আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বড়বাজার সোনাপট্টি এলাকায় ফুটপাতে গেঞ্জি বিক্রির সময় তৃষা নামের এক নারীর সাথে রকির বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, তুচ্ছ ঘটনার জেরে এক পর্যায়ে রকি ওই নারীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন।
এই ঘটনার জেরে শনিবার (৭ মার্চ) বিকেলে রকি মারুয়া মন্দিরের সামনে একটি দোকানে বসে থাকাকালে ভুক্তভোগী নারীসহ বেশ কয়েকজন একত্রিত হয়ে তাকে চড়াও হয় এবং গণধোলাই দেয়। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রকিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে।
আহত অবস্থায় রকিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

