বিতর্কমুক্ত থাকতে নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের

আরো পড়ুন

বিএনপি নেতাকর্মীদের আচার-আচরণ আরও সংযত করার কঠোর নির্দেশনা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে কোনোভাবেই অতীতের বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না।
শনিবার (৭ মার্চ) বিকেলে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, “মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে দীর্ঘ সময় সাড়া দিয়েছে। বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিরোধী দলে থাকাকালীন অনেক কথা বলা গেলেও, ক্ষমতায় থাকাকালে প্রতিটি কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। আমাদের সীমিত সামর্থ্য বুঝে দেশ গঠনের রাজনীতি করতে হবে।” তিনি নেতাকর্মীদের কর্মকাণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সততা ও আদর্শের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
:
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’র ভিত্তিতে দেশ গড়ার কাজে সকলকে সততা ও নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা বা কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে তা বরদাশত করা হবে না।

যশোর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত:
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ