যশোর শহরের শেখহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফয়সাল হোসেন (১৮) নামে এক যুবককে তার নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি জামরুল তলা এলাকায় এই সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। আহত ফয়সাল ওই এলাকার সবুজ হোসেনের ছেলে।
:
স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে উপশহর এফ ব্লক (কলাবাগান বস্তি) এলাকার আব্দুল শেখের ছেলে মামুন (৩৫) অতর্কিত ফয়সালের বাড়িতে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মামুন ধারালো চাকু দিয়ে ফয়সালের ডান পায়ের উরু ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
আহত যুবকের পরিবারের দাবি, হামলার সময় ঘর থেকে একটি দামী মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত মামুন। পরবর্তীতে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
:
শহরের শেখহাটি ও উপশহর এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত মামুন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

