যশোরের শার্শা সীমান্ত এলাকার আলোচিত মাদক সম্রাট ও একাধিক মামলার দুর্ধর্ষ সন্ত্রাসী সাজু বদ্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে তাকে আটকের পর অনুসারীদের বিশৃঙ্খলা ও ছিনিয়ে নেওয়ার আশঙ্কা এড়াতে কড়া নিরাপত্তায় রাতেই তাকে যশোর জেলা সদরে সরিয়ে নেওয়া হয়। আজ শনিবার (৭ মার্চ) সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক সাজু বদ্দি শার্শা থানার পাঁচভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজু বদ্দির বিরুদ্ধে শার্শা থানায় বিস্ফোরক, অস্ত্র, মাদক ও সহিংসতাসহ অন্তত ছয়টি গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি এবং ২০১৭ সালে অস্ত্র আইনে একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া ২০১৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ইতিপূর্বে ২০১৭ ও ২০১৯ সালেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তবে জামিনে বেরিয়ে পুনরায় সীমান্ত এলাকায় অপরাধ সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
থানায় উত্তেজনা ও বিশেষ নিরাপত্তা:
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাজু বদ্দিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার সংঘবদ্ধ অনুসারীরা শার্শা থানার সামনে ভিড় করতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার আশঙ্কা তৈরি হয়। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে রাতেই তাকে বিশেষ পাহারায় যশোর জেলা পুলিশ লাইন্সে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাজু বদ্দি দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শীর্ষ আসামি সাজু বদ্দিকে শুক্রবার রাতে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণে রাতেই তাকে যশোরে পাঠানো হয়েছিল এবং আজ শনিবার সকালে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

