যশোর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চারখাম্বা মোড়ে রহস্যজনকভাবে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে একটি পরিত্যক্ত ‘হ্যান্ড মাইক’ থেকে এই ভাষণ বাজতে দেখা যায়, যা নিয়ে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
:
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হঠাৎ করেই চারখাম্বা মোড়ের একটি দেয়ালের ওপর রাখা একটি হ্যান্ড মাইক থেকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি উচ্চশব্দে বাজতে শোনা যায়। ব্যস্ত এই মোড়ে আকস্মিক এমন ঘটনায় মুহূর্তের মধ্যেই উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তবে কে বা কারা এই মাইকটি সেখানে রেখে ভাষণটি চালু করেছে, তা কেউ সরাসরি দেখতে পাননি। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে অজ্ঞাত কেউ কৌশলে মাইকটি রেখে দ্রুত সটকে পড়েছে।
:
শহরের কেন্দ্রস্থলে এমন রহস্যময় ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা শুরু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না। খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা পরিকল্পনা রয়েছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

