মনিরামপুরে আরিফ হত্যার রহস্য উদ্ঘাটন: ঘাতক সৎ বাবা ও সহযোগী গ্রেফতার

আরো পড়ুন

যশোরের মনিরামপুরে তরুণ আরিফ হোসেন (১৯) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় বাগেরহাটের মোংলা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি।
:
গত ১ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় শত্রুতার জেরে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে খুনিরা লাশ গুম করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে যশোর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ মার্চ বিকেলে বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ‘হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল’ নামক একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নিহতের সৎ বাবা সোহেল মাহমুদ (৩৬) এবং তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভকে (২৬) গ্রেফতার করা হয়।
:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত দুই আসামিকে গত ৫ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, পারিবারিক শত্রুতা বা ব্যক্তিগত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা, তা অধিকতর তদন্তে বেরিয়ে আসবে।

আরো পড়ুন

সর্বশেষ