জ্বালানি পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’, নজরদারি জোরদার

আরো পড়ুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সুযোগে সীমান্ত দিয়ে তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি। সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার (৭ মার্চ) বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টকে ‘হাই রিস্ক’ জোন হিসেবে চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। ট্রাকের জ্বালানি ট্যাংকারের অতিরিক্ত কোনো চেম্বার বা ড্রামে করে তেল নেওয়া হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
গোয়েন্দা তৎপরতা ও আইনি হুঁশিয়ারি
সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি বিজিবির নিজস্ব গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা পরিবহনের ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজিবি সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জ্বালানি তেল পাচারের সামান্যতম চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ