লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র বাঁকা গ্রাম: ইউপি সদস্যসহ আহত ১৫

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই নারী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সাথে একই এলাকার আকতার মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি সেচ পাম্প (স্যালোপাম্প) চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই নারী এবং ইউপি সদস্য জিরু কাজীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইউপি সদস্য জিরু কাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যেরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ