মহেশপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৭ ভারতীয়সহ আটক ১১, বিপুল মাদক জব্দ

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭ জন ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) উপজেলার শ্রীনাথপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অনুপ্রবেশকারীদের আটকের পাশাপাশি সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে ভারতীয় নাগরিক মো. শাহাজাহান (৩৫), তার স্ত্রী তৈয়বা বেগম (৩০) এবং তাদের ৫ সন্তানসহ মোট ৭ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাজাহান জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ভারতে বসবাস করার পর দুই মাস আগে বাংলাদেশে প্রবেশ করে গাইবান্ধায় শ্রমিকের কাজ করছিলেন।
অন্যদিকে, বাঘাডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে খুলনার দাকোপ উপজেলার সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ দুই নারীকে আটক করে বিজিবির টহল দল।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করায় বেশ কিছু বড় মাদকের চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে:
* ৮৬ বোতল ভারতীয় মদ (কানাইডাংগা এলাকা)
* ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৩০ বোতল উইনসেরেক্স সিরাপ (গোপালপুর এলাকা)
* ৭ বোতল ফেনসিডিল (বেনীপুর বিওপি এলাকা)

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ৪ জন বাংলাদেশির মধ্যে প্রাপ্তবয়স্কদের আদালতে সোপর্দ করা হবে এবং নারী ও শিশুদের আইনি সহায়তার জন্য যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সেন্টারে পাঠানো হবে।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ