বাঘারপাড়ায় জমিজমা বিরোধে বসতবাড়িতে হামলা: মা ও ছেলে রক্তাক্ত জখম

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে বাঘারপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দোহাখোলা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— দোহাখোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ লিটন হোসেন (৩৫) এবং তার মা লাল বানু খাতুন (৫৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে লিটনদের পরিবারের সঙ্গে একই এলাকার তারেক, মিঠু ও অপর এক লিটনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে পূর্বপরিকল্পিতভাবে তারেক ও মিঠুর নেতৃত্বে ৪/৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লিটনদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করলে বাধা দিতে যান মা ও ছেলে। এসময় তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা।

চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণে লিটন হোসেনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ