ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গভীর রাতে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত শ্রীরামপুর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়, যার বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার নেপথ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিরোধ!
মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মহিরুদ্দিনের সাথে বিএনপি কর্মী হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়েছিল। যদিও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল, তবে সেই বিরোধের জের ধরেই এই ন্যাক্কারজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এই হামলা কি না, তা খতিয়ে দেখে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

