খুলনা মহানগরীর লবণচরা এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ তিন নারীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এই যৌথ অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ৯৬ রাউন্ড গুলি এবং ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় মাদকবিরোধী নিয়মিত তল্লাশি চালাচ্ছিল যৌথ টহল দল। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন দুই নারীকে চ্যালেঞ্জ করে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর তল্লাশি কার্যক্রম আরও জোরদার করে যৌথ বাহিনী। এসময় অন্য একটি যানবাহনে তল্লাশি চালিয়ে এক নারীর হেফাজত থেকে ৫টি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় এক নারীর কাছ থেকে এই বিশাল অস্ত্রের চালান জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বা অপরাধী চক্রের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই মরণাস্ত্রগুলো বহন করা হচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং অস্ত্রের উৎস কী, তা উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

