আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ম্লান করতে পারে প্রকৃতির বৈরী আচরণ। ঈদের সময় দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দিয়েছেন।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন এবং তার আগের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি।
বায়ুমণ্ডলের অস্থিরতা ও ঝুঁকি
আবহাওয়াবিদদের মতে, এই সময়ে বায়ুমণ্ডলের উপরিভাগে চরম অস্থিরতা বিরাজ করায় ঝড়ের তীব্রতা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। ঝড়ের পাশাপাশি বড় আকারের শিলাবৃষ্টি ও প্রাণঘাতী বজ্রপাতের ঝুঁকিও রয়েছে।
উৎসবের মৌসুমে এমন বৈরী আবহাওয়ার পূর্বাভাসে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত এবং খোলা ময়দানে ঈদের জামাত আদায়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঈদগাহ কমিটিগুলোকে বিকল্প ব্যবস্থা বা বৃষ্টির প্রস্ততি রাখার বিষয়েও সচেতন করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসনের পক্ষ থেকে ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং বজ্রপাত থেকে বাঁচতে খোলা জায়গা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

