্সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: তিন কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

আরো পড়ুন

কোনো পূর্ব ঘোষণা কিংবা প্রটোকল ছাড়াই হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকালে নির্ধারিত সময়ে অফিস খোলা না পেয়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখে দীর্ঘক্ষণ অফিসের বারান্দায় বসে থাকেন তিনি। এই ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিন কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং দাপ্তরিক অবহেলার কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে:
১. মো. নাসির উদ্দিন (ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা) – বদলি: আড়াইহাজার।
২. মো. ওমর ফারুক (উপ-সহকারী ভূমি কর্মকর্তা) – বদলি: আড়াইহাজার।
৩. জান্নাতী (অফিস সহকারী) – বদলি: বন্দর উপজেলা।
জেলা প্রশাসক আরও জানান, কেবল বদলিই নয়, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
:
গত বুধবার সকাল ৯টায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে পৌঁছান। প্রধান ফটক খোলা থাকলেও ভেতরের সব কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। কোনো হাকডাক না দিয়ে প্রতিমন্ত্রী সাধারণ মানুষের মতো অফিসের বারান্দার বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা বারান্দায় বসে থাকার সময় তিনি সেখানে আসা এক সাধারণ সেবাগ্রহীতার সঙ্গেও কথা বলেন এবং অফিসের নিয়মিত সেবার মান নিয়ে খোঁজ নেন।
প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে প্রায় ৩০ মিনিট পর একে একে কর্মকর্তারা তড়িঘড়ি করে অফিসে হাজির হন। দেরিতে আসার বিষয়ে তাদের দেওয়া ব্যাখ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এদিকে, স্যুটেড-ব্যুটেড অবস্থায় প্রতিমন্ত্রীর একাকী বারান্দায় বসে থাকার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি অফিসের কর্মঘণ্টা নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে এ ধরনের ঝটিকা পরিদর্শন আগামীতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ