যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ আমিনুর রহমান (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক আমিনুর রহমান যশোর জেলার ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত মনছর গাজীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্তে বিশেষ তল্লাশি অভিযান চালায়। এ সময় চোরাচালানকৃত ৪৪৫ বোতল এস্কুফ (Eskuf) সিরাপ, ৫০টি ভারতীয় শাড়ি, ২০৬টি কসমেটিক্স সামগ্রী এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ মালামালসহ উক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।
আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি নিশ্চিত করেছে।
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও পণ্যসহ চোরাকারবারি আটক

