আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর টর্পেডো হামলায় ধবংস হওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো বহু আরোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
:
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দক্ষিণাঞ্চলীয় গলে শহর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৫ কিমি) দূরে অবস্থানরত ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাঠানো হয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ জানান, জাহাজের নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান এখনো চলছে।
:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, শ্রীলঙ্কা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি একে একটি ঐতিহাসিক সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানো হলো।
:
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, তথ্য পাওয়ার পরপরই উদ্ধারকারী জাহাজ ও উড়োজাহাজ পাঠানো হয়েছে। তবে যেখানে জাহাজটি ডুবেছে, সেখানে অন্য কোনো দেশীয় জাহাজ বা উড়োজাহাজ প্রত্যক্ষ করা যায়নি বলে নৌবাহিনী জানিয়েছে।
এদিকে, কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাস ঘটনার তদন্তে সক্রিয় হয়েছে। দূতাবাসের দুই কর্মকর্তা ইতোমধ্যে গলে পৌঁছেছেন এবং তারা জীবিত উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
:
বর্তমানে গলে এবং আশপাশের সমুদ্রসীমায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া না গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন হামলায় নিমজ্জিত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

