যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে গভীর নলকূপে গোসল করতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু নির্মমভাবে মারধরের শিকার হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে কুন্দিপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাফর (৪২)-এর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর পিতা মো. মনিরুজ্জামান। অভিযুক্ত জাফর একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
:
অভিযোগ সূত্রে জানা গেছে, জাফরের মালিকানাধীন গভীর নলকূপে প্রায়ই গোসল করতে যেত মনিরুজ্জামানের ছেলে মো. তাজ উদ্দিন (১০)। এ নিয়ে জাফর তাকে প্রায়ই গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। বুধবার বেলা ১১টার দিকে তাজ উদ্দিন পুনরায় সেখানে গেলে জাফর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শিশুটি গালি দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জাফর তাকে এলোপাতাড়ি চড় ও বেত দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
:
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত জাফর তাকে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাজ উদ্দিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জাফরের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
:
ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, শিশু নির্যাতনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

