নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আক্তার নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এসময় যশোর থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে সরাসরি চাপা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।

