যশোর জেনারেল হাসপাতালে অভিযান: রোগী ঠকানোর অভিযোগে দালাল আটক

আরো পড়ুন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে কঠোর অভিযান শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মেহেদী হাসান নামের এক সক্রিয় দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। সরকারি ১০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রির চেষ্টার সময় তাকে আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার আকিব হোসেন নামের এক রোগী চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এসময় অভিযুক্ত মেহেদী হাসান তাকে সরকারি ১০ টাকার একটি ব্ল্যাঙ্ক (খালি) টিকিট ৫০ টাকায় কেনার প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে পাঁচটি ব্ল্যাঙ্ক টিকিট উদ্ধার করা হয়।
প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী এই হাসপাতালে সেবা নিতে আসেন। বিশাল এই জনস্রোতের তুলনায় জনবল সংকট থাকায় ‘স্বেচ্ছাসেবী’ পরিচয়ে একদল দালাল হাসপাতালজুড়ে সক্রিয় হয়ে উঠেছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এদের কারণে সাধারণ রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সাম্প্রতিক কঠোর নির্দেশনায় সাধারণ মানুষ ও রোগীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়েত জানান, দালালমুক্ত হাসপাতাল গড়তে সব বিভাগে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো দালালকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হবে না। হুইলচেয়ার বা ট্রলি ঠেলে রোগীদের কাছ থেকে কেউ টাকা দাবি করতে পারবে না। এমনকি হাসপাতালের কোনো কর্মচারীর বিরুদ্ধেও যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, হাসপাতালে বিদ্যমান ট্রলি ও হুইলচেয়ার সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ