যশোরের কুখ্যাত মাদক কারবারি ও ১৭টি মামলার আসামি শিলি বেগমকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেন ওরফে ছোটর স্ত্রী।
:
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলা দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া কয়লাপট্টির আব্দুল খালেকের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় শিলি বেগমকে আটক করে নারী ডিবি পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
:
এসআই বাবলা দাস আরও জানান, শিলি বেগম একজন পেশাদার মাদক বিক্রেতা। এলাকায় তিনি ইয়াবার ডিলার হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
:
পুলিশ জানায়, শিলি বেগমের বিরুদ্ধে আগে থেকেই কোতোয়ালি থানায় ১৭টি মামলা চলমান রয়েছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
যশোরে ১৭ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শিলি বেগম গ্রেপ্তার

