যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক তিনটি অভিযানে দুই হাজার পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় একজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি রাস্তার মোড়ে ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় শার্শা থানার বুরুজবাগান এলাকার হালিমা খাতুনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিএনসি’র পরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিকেল ৪টার দিকে সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ডিএনসি’র উপ-পরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মীম আটক জসিমকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেল সাড়ে ৪টায় শহরের রেলস্টেশন এলাকায় অপর একটি অভিযানে মাইকপট্টি এলাকার শুব্রত সরকারকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। ডিএনসি’র উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

