বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার মসজিদের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের ওমর ফারুক বিশ্বাসের দুই ছেলে রিয়াদ বিশ্বাস (২৫) ও সাহাবার হোসেন বিশ্বাস। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত থাকায় অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরকাঠি গ্রামের জবদেল ফকিরের ছেলে মনিরুল (৫৫), জিয়াউর (৪৫), তুরজাউল (৪০) এবং তাদের সহযোগী সাব্বির (২৪), শান্ত (২১), নাজমুল (৩৫) ও তানভীর (২০) সহ একদল সশস্ত্র লোক এই পরিকল্পিত হামলা চালায়। ভিকটিমরা বিকেলের দিকে স্থানীয় বাজারের মসজিদের সামনে পৌঁছানো মাত্রই বিবাদীরা রামদা দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার পরপরই স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
:
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।?

আরো পড়ুন

সর্বশেষ