যশোরে ওষুধ ব্যবসায়ী শাহীন অপহৃত: মুক্তিপণ দাবি ১ কোটি টাকা

আরো পড়ুন

যশোর শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘আর আর মেডিক্যাল’-এর মালিক জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। অপহৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, অপহরণকারীরা ইতিমধ্যে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
নিখোঁজ জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন এবং শহরে ওষুধের ব্যবসা পরিচালনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে ধর্মতলার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ জোরপূর্বক তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর (০১৭১৮-৮৮০২৬) থেকে তাদের কাছে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়। প্রিয়জনকে হারিয়ে এবং এমন হুমকিতে পরিবারটি চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক চৌকস টিম অভিযানে নেমেছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ