যশোরে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল নেতার মায়ের

আরো পড়ুন

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক নারীর করুণ মৃত্যু হয়েছে। নিহত ওই নারী যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের মা। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাদের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছেলে ইয়াসিন আরাফাতের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন মা। তারা শহরের চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি বালিবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। ঘাতক ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলের চোখের সামনে মায়ের এমন বীভৎস মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ সংগঠনের নেতাকর্মীরা। তারা এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ