যশোরের চৌগাছা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুসী আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খুসী আক্তার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাপুর পালপাড়া এলাকার সেলিম হোসেনের মেয়ে এবং স্থানীয় আই পি এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে খুসী আক্তার তার নানার বাড়ি—উপজেলার কয়ারপাড়া গ্রামের দুলাল বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। সেখানে বিকেলে গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে সে। বাথরুমে থাকা টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে শর্ট সার্কিটের কবলে পড়ে খুসী। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।
দীর্ঘ সময় খুসীর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করা হলেও পরীক্ষা করে দেখা যায়, সে অনেক আগেই মারা গেছে। মেধাবী এই স্কুলছাত্রীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক মোটরের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

