মণিরামপুরে ৫ বছরের শিশুসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলায় ৫ বছরের শিশু সন্তানসহ এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চাকলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২২) ও তার শিশু কন্যা আরোহি জান্নাত (৫) গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের এক যুবকের বিরুদ্ধে অপহরণের সরাসরি অভিযোগ এনে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ গৃহবধূর মা নূর জাহান বেগম।
:
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে চাকলা গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে আশা খাতুনের বিয়ে হয়। প্রায় তিন বছর আগে মনিরুল জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। অভিযোগ উঠেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে পারখাজুরা গ্রামের তপন দাসের ছেলে কৌশিক (২১) মোবাইল ফোনে আশার সঙ্গে যোগাযোগ গড়ে তোলে এবং তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও নানা প্রলোভন দেখিয়ে আসছিল।
গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে আশা খাতুন তার শিশুকন্যাকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। নূর জাহান বেগমের দাবি, রাজগঞ্জ বাজার এলাকা থেকে কৌশিক ও তার সহযোগীরা মা ও শিশুকে ফুসলিয়ে বা জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

নিখোঁজ আশার মা নূর জাহান বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার জামাই বিদেশে রক্ত পানি করে টাকা পাঠায়, আর এই সুযোগে কৌশিক আমার মেয়ে ও নাতনিকে অপহরণ করে নিয়ে গেছে। আমি আমার সন্তানদের জীবিত ফেরত চাই। তারা কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না।” তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রতিকার পেতে তাদের বেগ পেতে হচ্ছে।

এই ঘটনায় মণিরামপুর থানায় দায়ের করা অভিযোগে কৌশিক ছাড়াও তার বাবা তপন দাস (৫০) এবং? অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মা ও শিশুর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারসহ অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ