সাতক্ষীরার শ্যামনগরে পেশাগত দায়িত্ব পালনকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সামিউল মনিরের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। গত সোমবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনের ভেতরেই এই হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সামিউল মনির জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক পত্রদূতের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মীরা জানান, সোমবার দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, মিজান ও মফু খাঁর নেতৃত্বে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয় এবং একপর্যায়ে সাংবাদিক সামিউল মনিরের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে থাকে।
তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে মিছিল থেকে ২৫-৩০ জন নেতাকর্মী অতর্কিত প্রেসক্লাব ভবনের ভেতরে ঢুকে পড়ে। তারা সভাপতি সামিউল মনিরকে টেনে-হিঁচড়ে মারধর করতে করতে ভবনের বাইরে নিয়ে আসে। সেখানে ইট ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এসময় উপস্থিত অন্যান্য সাংবাদিকরা বাধা দিতে গেলে তাদের সাথেও চরম অশোভন আচরণ করে হামলাকারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি পক্ষ সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। মূলত সেই সংবাদের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সহকর্মীদের দাবি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, আহত সাংবাদিকের মাথার বাম পাশে শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। সাংবাদিকের ওপর হামলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, প্রেসক্লাবের ভেতরে ঢুকে সভাপতির ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।

