যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে বউ আনতে গিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে ইউনিয়নের ছোট ও বড় দোগাছিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—ছোট দোগাছিয়া গ্রামের সিরাজুল গাজী (৫০), তার পরিবারের সদস্য রাকিব (২৬), বাপ্পী (২৬) ও শাকিব (১৭)। এছাড়া অপর পক্ষের বড় দোগাছিয়া গ্রামের আব্দুর রহমান (২৭) আহত হয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রথম পক্ষের লোকজন তাদের পুত্রবধূকে আনতে দ্বিতীয় পক্ষের বাড়িতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।
সংঘর্ষের পর আহতরা নিজেরাই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।।
যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ আহত ৫

