খুলনায় ছাত্রদল নেতা সাব্বিরকে কুপিয়ে জখম:

আরো পড়ুন

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২)। গত সোমবার (০২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে টুটপাড়া দরবেশ মোল্লা গলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাব্বির বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়ক এলাকার শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় ছাত্রদল রাজনীতির একজন পরিচিত মুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাব্বির দরবেশ মোল্লা গলি দিয়ে একাকী যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়েই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, কলেজ শাখা ছাত্রদল সভাপতির ওপর এমন হামলার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ