যশোরের মণিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিজের জন্মদাতা বাবার ঘরে আগুন দিয়েছে তারই আপন ছেলে আল আমিন হোসেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মণিরামপুর সদর ইউনিয়নের জালঝাড়া বউবাজার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আল আমিন হোসেনের সঙ্গে তার বাবা মহসিন আলীর পারিবারিক কলহ চলছিল। আল আমিনের দাদা আব্দুস সামাদ খাঁ-এর জমির গাছ বিক্রি করার জন্য বাবা ও দাদার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছিল সে। কিন্তু তারা গাছ বিক্রিতে রাজি না হওয়ায় ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আল আমিন। অভিযোগ রয়েছে, সেই রাগের বশবর্তী হয়েই সোমবার সন্ধ্যায় পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে নিজের তিল তিল করে গড়া স্বপ্ন ও স্মৃতি ভস্মীভূত হতে দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মহসিন আলী। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ সাফায়াত হোসেন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী বাবা মহসিন আলী আবেগাপ্লুত হয়ে বলেন, যে ঘরে সন্তানকে পরম মমতায় বড় করেছি, সেই সন্তানই আজ পেট্রোল ঢেলে ঘরটি জ্বালিয়ে দিল—এটা মেনে নেওয়া কঠিন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মণিরামপুরে বাবার বসতবাড়িতে আগুন দিল ‘কুলাঙ্গার’ ছেলে

