যশোরের বাঘারপাড়া উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক সিহাবকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার খলশী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। আটক সিহাব ওই গ্রামের আহাদ আলীর ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে খলশী গ্রামের জাহাঙ্গীর হোসেনের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) একা পেয়ে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখায় সিহাব। এরপর শিশুটিকে কৌশলে প্রতিবেশী আব্দুল হাই মাস্টারের নির্জন বাগানে নিয়ে যায় সে। সেখানে শিশুটির মুখে কস্টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তাকে পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালায় সিহাব।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভুক্তভোগীর পরিবার বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত সিহাব গা-ঢাকা দিয়েছিল।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি সিহাবকে আটক করতে সক্ষম হয়।
ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত সিহাবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

