মণিরামপুরে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ: সাবেক জামায়াত নেতার বিরুদ্ধে

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলার সুপলকাঠি গ্রামে সরকারি সলিং রাস্তার ইট তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে সাবেক জামায়াত নেতা দাবি করলেও বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুপলকাঠি গ্রামের খালেকের দোকানের মোড় থেকে বাজার পর্যন্ত এলজিইডির এডিবি (ADB) বরাদ্দে রাস্তাটির পুনর্নির্মাণের কাজ চলছিল। নিয়ম অনুযায়ী ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও সম্প্রতি জাকির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রাস্তার ইট তুলে অন্যত্র সরিয়ে ফেলেন। এর ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং নতুন নির্মাণকাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন তা অস্বীকার করেন। তিনি দাবি করেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”
তবে এ বিষয়ে ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল স্পষ্ট জানিয়ে দেন যে, জাকির হোসেন একসময় দায়িত্বশীল পদে থাকলেও বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সরকারি সম্পদ নষ্টের এই ঘটনাকে তিনি অত্যন্ত ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যেই ইট উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেষ্টার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শেষ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।?

আরো পড়ুন

সর্বশেষ