নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে হাত-পা বেঁধে ও মুখে কস্টেপ পেঁচিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খলশী গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খলশী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল মাওয়া (৫ বছর ৬ মাস) বাড়ির পাশে খেলা করছিল। এসময় তাকে একা পেয়ে একই গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮) মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায়।
শিহাব শিশুটিকে গ্রামের আব্দুল হাই মাস্টারের একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে তার মুখে টেপ পেঁচিয়ে দেয় এবং হাত-পা বেঁধে ফেলে। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায় সে। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে অভিযুক্ত শিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক নির্যাতনের কারণে শিশুটির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে লম্পট শিহাবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং অভিযুক্তকে আটকে অভিযান শুরু হয়েছে।

