নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে মোবাইল ফোনে জুয়ায় আসক্ত হয়ে মা-বাবাকে মারধর, আসবাবপত্র ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে ছেলে তৈমুর রেজা নয়নের (৩০) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার গর্ভধারিণী মা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান মোল্যার স্ত্রী শাহানারা পারভীন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি তৈমুর রেজা নয়ন একজন উচ্চশিক্ষিত যুবক। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে প্রায় এক বছর চাকরি করার পর হঠাৎ তা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফেরার পর থেকেই তিনি মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন।
মা-বাবা বিষয়টি বুঝতে পেরে তাকে জুয়া খেলতে নিষেধ করলে নয়ন তাদের ওপর ক্ষিপ্ত হন এবং নিয়মিত গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি জুয়া খেলার টাকার জন্য প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতে থাকেন।
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে নয়ন তার মা-বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি মারমুখী হয়ে ওঠেন এবং মা-বাবাকে শারীরিক লাঞ্ছিত করেন। এ সময় তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। একপর্যায়ে ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মা-বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।
নিরুপায় হয়ে মা শাহানারা পারভীন সোমবার আদালতে ছেলের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাই শেষে অভিযুক্ত নয়নের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ প্রদান করেন।

