যশোরে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহল হোসেন তানভীর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ভুক্তভোগী নারীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি তানভীরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে গত ৩ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ওই নারী তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
অভিযোগ রয়েছে, বিচ্ছেদের কিছুদিন পর তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং কৌশলে তাকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সে সময় তানভীর গোপনে সেই মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন।
পরবর্তীতে সেই গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তানভীর ওই নারীকে পুনরায় দেখা করার জন্য চাপ দিতে থাকেন। নারী তাতে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি তানভীর তার ফেসবুক আইডি থেকে ভিডিও ও কিছু আপত্তিকর ছবি প্রকাশ করেন। ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানালে তানভীর উল্টো তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন।
পুলিশি অ্যাকশন
নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী বিষয়টি পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তানভীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
২৩ ফেব্রুয়ারি (সোমবার) গ্রেপ্তারকৃত তানভীরকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
?

