শার্শায় নামাজ পড়ে ফেরার পথে চিকিৎসককে কুপিয়ে হত্যা: এলাকায় শোকের ছায়া

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলায় এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় আল আমিন (৪০) নামে এক স্থানীয় চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি এলাকায় দীর্ঘ দিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং স্থানীয়দের কাছে একজন পরিচিত মুখ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন আল আমিন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আলামত সংগ্রহ শুরু করে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, “নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”
ঘটনাস্থলে উপস্থিত শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একজন শান্তশিষ্ট ও সেবামূলক পেশার মানুষকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় বারিপোতা ও নাভারন এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ