যশোর শহরের শংকরপুর এলাকায় একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শংকরপুর রেলস্টেশন সংলগ্ন গারোয়ান পট্টি এলাকায় একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রিনা পারভিনের বাড়ির সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি পরীক্ষায় বস্তুটি একটি তাজা ককটেল হিসেবে শনাক্ত করা হয়। পরে বিশেষ সতর্কতায় ককটেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। জনবহুল এই এলাকায় কারা এবং কী উদ্দেশ্যে এটি ফেলে গেছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
রেলস্টেশন সংলগ্ন এই এলাকায় দিনদুপুরে ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অপরাধী চক্রের তৎপরতা রোধে এই এলাকায় নিয়মিত টহল জোরদার করা প্রয়োজন।

