বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোরে পদার্পণ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি জেলা শহরে পৌঁছালে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসে পৌঁছালে তাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে সার্কিট হাউস হল রুমে সমবেত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম চারবার মন্ত্রী হিসেবে দেশসেবা করেছিলেন। বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে এবারই মন্ত্রিসভায় যুক্ত হলেন অমিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “জনগণের এই ভালোবাসা ও আস্থা আমার আগামী দিনের পথচলায় পরম অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।
তিন দিনের এই সফরের প্রথম দিনে আজ বিকেলে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং ওলামাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
যশোরবাসী আশা প্রকাশ করছেন, প্রতিমন্ত্রীর হাত ধরে এই অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

