ঝিকরগাছায় নারকেল পাড়তে বাধা দেওয়ায় মা ও ১১ মাসের শিশুকে পিটিয়ে জখম

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছায় বসতবাড়ির গাছ থেকে জোরপূর্বক নারকেল পাড়তে বাধা দেওয়ায় নাসরিন (২৯) নামে এক গৃহবধূ ও তার ১১ মাস বয়সী শিশু কন্যা তামিমাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, ঘটনার রাতে গোয়ালহাটি গ্রামের আসলাম (৪৫) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩-৪ জন মিলে নাসরিনের বসতবাড়ির গাছ থেকে জোরপূর্বক নারকেল পাড়ছিলেন। এসময় গৃহবধূ নাসরিন বাধা দিতে গেলে আসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
মারধরের একপর্যায়ে নাসরিনের কোলে থাকা ১১ মাস বয়সী শিশু তামিমাকে কেড়ে নিয়ে নিচে ফেলে দেওয়া হয়, এতে শিশুটি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। দুর্বৃত্তদের পিটুনিতে মা নাসরিনও শরীরের বিভিন্ন স্থানে জখম হন।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আহত মা ও শিশুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আইনি পদক্ষেপ
আহত নাসরিন ওই গ্রামের রাসেলের স্ত্রী। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার ঝিকরগাছা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আসলাম ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
এলাকাবাসী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ