লোহাগড়ায় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ জাতীয় পতাকা উত্তোলন

আরো পড়ুন

৫ আগস্ট সরকার পতনের পর থেকে পরিত্যক্ত থাকা নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আকস্মিক শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের সামনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের দেওয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি এবং উড়ন্ত জাতীয় পতাকা দেখতে পান। মুহূর্তের মধ্যে এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা লোহাগড়া উপজেলার এই কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা দেওয়াল থেকে ছবিগুলো এবং উত্তোলন করা জাতীয় পতাকাটি সরিয়ে ফেলেন।

এই বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

আরো পড়ুন

সর্বশেষ