নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে যাত্রীবেশে এক রিকশাচালককে নির্জন স্থানে নিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর পার্কের অদূরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশাচালকের নাম তাছিম (২১), তিনি শহরের নাজির শংকরপুর প্রাইমারি স্কুল এলাকার মাসুদ রানার ছেলে।
ভুক্তভোগী তাছিম জানান, সকালে তিনি বড়বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে বাহাদুরপুর পার্কের দিকে যান। গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে তিনি পুনরায় শহরের দিকে ফিরছিলেন। পথে বাহাদুরপুর পার্ক অতিক্রম করার পর একটি নীল রঙের ‘ডিসকভার’ মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার রিকশার গতিরোধ করেন।
ছিনতাইকারীরা যাত্রী সেজে শহরের দিকে যাওয়ার কথা বলে কৌশলে তাছিমকে রিকশা থেকে নামিয়ে পাশের একটি নির্জন গলিতে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করেন। এরপর তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি দামী স্মার্টফোন এবং উপার্জনের নগদ ৩৫০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ছিনতাইয়ের শিকার হওয়ার পর তাছিম যশোর কোতয়ালি মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় রিকশাচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।: যশোর কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও মোটরসাইকেলের বর্ণনা অনুযায়ী ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

