: যশোর শহরের সার্কিট হাউজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিন নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত আমিন যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় আমিন তার রিকশা নিয়ে সার্কিট হাউজ সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান তিনি। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
আহত আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পথচারীরা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরে আঘাতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন

