বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ (সংবিধান সংস্কার) বিষয়ক গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এই আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা প্রদান করেন।
অভিনন্দন বার্তায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে সকল রাজনৈতিক অংশীজনকে একযোগে কাজ করার পরামর্শ দেন।
মহাসচিব গুতেরেস তাঁর বার্তায় উল্লেখ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে এবং এর মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া পূর্ণতা পাবে।
জাতিসংঘের পক্ষ থেকে সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখা একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য অপরিহার্য বলে বার্তায় জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির প্রচেষ্টায় শুরু থেকেই পাশে ছিল এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে সংস্থাটি সব ধরনের কারিগরি ও নৈতিক সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং গণভোটে ৬৮.৫৯% ভোটার ‘হ্যাঁ’ জয়যুক্ত করে নতুন সাংবিধানিক সংস্কারের পক্ষে রায় দিয়েছেন।

