ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বর্তমানে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বরত আছেন এবং তিনিই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।”
অনুষ্ঠানে অতিথির সংখ্যা ও সময়কাল
শপথ অনুষ্ঠানের ব্যাপকতা সম্পর্কে সচিব জানান, বঙ্গভবনের দরবার হলে আয়োজিতব্য এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট নাগরিকসহ কম-বেশি ১ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
কবে নাগাদ এই শপথ অনুষ্ঠিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে এটি মূলত সংসদীয় দলের নেতা নির্বাচন এবং প্রধানমন্ত্রী নিয়োগের ওপর নির্ভর করছে।
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ কে পড়াবেন, তা নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে সচিব জানান, সংবিধানে বিকল্প ব্যবস্থা রয়েছে। স্পিকার না থাকলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি অথবা প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ করাতে পারেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতেই ২৯৭টি আসনের নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করতে হবে।

